ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৭ বোতল বিদেশি মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইএস গাড়িসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ ও ৪ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহের ত্রিশাল ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।এর মধ্যে ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক আড়াইটার দিকে র‍্যাব-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল ত্রিশাল থানার দরিরামপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন হাইএস গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধভাবে মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নেত্রকোনা জেলার মো. জুবায়েদ , হারুন রশিদ ও মো. জুবায়ের। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত হাইএস গাড়িটিও জব্দ করে র‍্যাব।

অন্যদিকে, এর আগের দিন ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে র‍্যাবের অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাস মোড় সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ নেত্রকোনা জেলার নিরব ঋষি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে ময়মনসিংহ জেলা ও আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত