
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। গতকাল সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কাচারী বাজারে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের রংপুর জেলা সমন্বয়ক ও জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, সিপিবি রংপুর জেলা সাধারণ সম্পাদক কাফি সরকারসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিপ্রিয় রংপুর এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। মাছুয়াপাড়ায় শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যা, অটোরিকশা গ্যারেজ মালিককে হত্যাসহ ১৫ দিনে রংপুরে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও এ হত্যা মামলার রহস্য উদঘাটন ও তদন্ত নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।