
পাবনার বেড়া পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ডিসেমিনেশন অ্যান্ড ডায়ালগ: 'রিভিউইং সার্ভিস ডেলিভারি উইথ স্টেকহোল্ডারস' শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে বেড়া পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় বেড়া পৌরসভার আয়োজনে এবং অ্যাকাউন্টেবিলিটি ল্যাব, সিভিকাস, ডিডিআই সাউথ এশিয়া ও রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের যৌথ সহযোগিতায় কর্মশালাটি পরিচালিত হয়। বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও বেড়া পৌরসভার প্রশাসক রুনাল্ট চাকমা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রেড-এর নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার এস কে এম রাশেদুল ইসলাম। কর্মশালায় কমিউনিটি লেড আরবান অ্যাকাউন্টেবিলিটি থ্রু ডিজিটাল এনগেজমেন্ট প্রকল্পের আওতায় কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্মের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়।