
প্রধান শিক্ষক ছাড়াই ছয় বছরেরও বেশি সময় পার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী আদমজী মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে স্বপদে পুনর্বহালের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের পরও তার দায়িত্ব গ্রহণের বিষয়টি ৩ বছর ধরে নিষ্পত্তি হয়নি। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫ সেপ্টেম্বর ২০২৩-এর এক পত্রে গাজী নাজমুল হুদাকে স্বপদে পুনর্বহালের বিষয়টি উল্লেখ করা হয়। পত্রে বলা হয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও আপিল এন্ড আরবিট্রেশন কমিটির মতামতের পর ২১ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত ২২৮তম বোর্ড সভায় তার পুনর্বহালের বিষয়টি অনুমোদন করা হয়। পত্র ইস্যুর ১৫ দিনের মধ্যে তাঁকে পুনর্বহাল করে বোর্ডকে অবহিত করার জন্যও বলা হয়েছিল।
৩ বছর পার হলেও যোগদানের বিষয়টি ঝুলে আছে। অভিভাবকদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ছয় বছরের বেশি সময় প্রধান শিক্ষকবিহীন থাকা স্বাভাবিক নয়। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার প্রভাব বিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত, শিক্ষক-কর্মচারীদের সমন্বয়, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশে পড়ছে।
প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদা বলেন, আমি নতুন করে কোনো সুবিধা চাইছি না। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমার দায়িত্বে যোগদানের বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে। শিগগিরই আমার যোগদানপত্র গ্রহণ করা হবে বলে আশা করছি।