
মানিকগঞ্জের ঘিওরে বোনের দায়ের করা যৌতুক মামলায় সাক্ষ্য দিতে এসে নিজের আসল পরিচয় গোপন করার দায়ে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আরিফ (৩৮)। তিনি ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের প্যাঁচারকান্দা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। মামলার বাদী পলি আক্তার তার আপন বোন। আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালে স্বামী হুমায়ুন খানের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন পলি আক্তার। গতকাল মঙ্গলবার ওই মামলায় বোনের পক্ষে আদালতে সাক্ষ্য দিতে আসেন আরিফ। সাক্ষ্য গ্রহণকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস বাদী পলি আক্তারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানতে চান। এ সময় আরিফ ভাই-বোনের সম্পর্ক অস্বীকার করেন। নিজেকে পলির প্রতিবেশী হিসেবে পরিচয় দেন তিনি। আরিফের বক্তব্যে সন্দেহ হলে বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে যাচাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।
আদালতে নিজের পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পরই আরিফকে কারাগারে পাঠানো হয়।