
কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন ও যায়যায়দিন পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ। এই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ পত্রিকার কক্সবাজার অফিস প্রধান এএইচ সেলিম উল্লাহ। তিনি পেয়েছেন ২১ ভোট।
মঙ্গলবার উখিয়া প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মাত্র ৪টি পদে ভোটগ্রহণ হয়েছে। চারটি সদস্যপদসহ ৯টি পদে একক প্রার্থী হওয়ায় সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম হেলালী মঙ্গলবার বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এবারের ভোটে ২৭ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়া চারটি পদের মধ্যে সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল ইসলাম আজাদ। তিনি পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে সর্বাধিক ২১ ভোট পেয়ে নির্বাচিত হন এএইচ সেলিম উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। তিনি পেয়েছেন মাত্র ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কবির জুশান (৬) ও কাজী হুমায়ুন কবির বাচ্চু (৩ ভোট)।
সরাসরি ভোটে সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল আলম। তিনি পেয়েছেন ৮ ভোট।অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল আজিজ, সহ-সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ ফেরদৌস এবং নির্বাহী সদস্য পদে সাঈদ মুহাম্মদ আনোয়ার হোসেন, আমানুল হক বাবুল, মুহাম্মদ নুরুল হক ও রতন কান্তি দে। এবার নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, দুই নির্বাচন কমিশনার কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও উখিয়া প্রেস ক্লাব সদস্য জসিম উদ্দিন চৌধুরী।