ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ

দুই দিনে আক্রান্ত ২৮
সাতক্ষীরায় বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ

সীমান্ত জেলা সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। হঠাৎ করেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি সতর্কতা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ২৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কেবল গত দুই দিনেই নতুন করে ২৮ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ১৫ জন এবং ৭ সেপ্টেম্বর ১৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৭ জন। তবে আক্রান্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা বাইরের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন। ডা. জয়ন্ত কুমার সরকার আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। বাসাবাড়ি ও আশপাশের আঙ্গিনায় কোনোভাবেই যেন জমানো পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল ধ্বংস করতে না পারলে এই বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, হাসপাতালের প্রস্তুতির পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে দ্রুত মশা নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত