
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে পৃথক দু'টি মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযান শুরুর আগে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাছে অভিযানের খবর পৌঁছানো ঠেকাতে সিএনজিযোগে পৃথক একটি দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনে পাঠানো হয়। তবে কয়েকজন বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি আঁচ করতে পেরো ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।
পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী ও বিশ্বনাথ কুর্মী নামে দুজনকে আটক করা হয়। তারা উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ সাইটুলা গ্রামের বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
পরে উভয় মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
গত তিন মাসে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।