
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘ কয়েক বছর ধরে জমে থাকা প্রায় দুই হাজার ৫০০ দলিল ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়া উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা সাব রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দীন, অফিসের অন্যান্য কর্মচারী, নকলনবীশ, দলিল লেখক ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ নম্বর থেকে ২০২২ সালের ২৬৪৯ নম্বর দলিল পর্যন্ত দাবিবিহীন সমুদয় মূল দলিল (অছিয়ত ও উইল দলিল ব্যতীত) বিনষ্ট বা ধ্বংস করার গণবিজ্ঞপ্তি জারি করা হয়। দাবিবিহীন মূল দলিল ছিলেন ৩হাজার ১৫০টি এরমধ্যে মূল রশিদ জমা প্রদান সাপেক্ষে ফেরত গ্রহণ ৬৫০টি দলিল, ধ্বংস করা হয়েছে দুই হাজার ৫০০টি দলিল। উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো দলিল দুই বছরের বেশি সময় সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে তা আইন অনুসারে ধ্বংস করার বিধান রয়েছে।