
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নূর আলম জিকু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় গত বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নূর আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখটি দেখার জন্য বাড়ি যাচ্ছিলেন জিকু। কিন্তু বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সড়কেই প্রাণ হারান তিনি। পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকালে জিকুর পিতা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান। খবরটি পাওয়ার পরপরই জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান জিকু। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাষ পবিরারের নিকট হস্তান্তর করা হবে।