
ময়মনসিংহ নগরীর ঢাকা রহমতপুর বাইপাস এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহত এক নারীর সাত বছরের ছেলে ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর ঢাকা রহমতপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহতরা হলেন- নিহত সোনিয়া আক্তারের সাত বছরের ছেলে সাজিদ এবং সিএনজিচালিত অটোরিকশাচালক হারুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফুলবাড়িয়া উপজেলা থেকে সোনিয়া আক্তার, তার সাত বছরের ছেলে সাজিদ ও সোহাগকে নিয়ে অটোরিকশাটি ময়মনসিংহ নগরীর দিকে আসছিল। অটোরিকশাটি ঢাকা রহমতপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে অটোরিকশার যাত্রী সোহাগ ও সোনিয়া আক্তার গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় সোনিয়ার ছেলে সাজিদ ও অটোরিকশাচালক হারুন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন ।এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত শিশু ও অটোরিকশাচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।