
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকইন এলাকার নীল স্বপ্ন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ১০ নম্বর কৈজুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সুগন্ধা, জেলা ৩১৫ এ-১, বাংলাদেশের সৌজন্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, এ ধরনের সেবামূলক উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল ও দরিদ্র মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ফরিদপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনেও জনগণের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান তিনি।