
ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান। দেশব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬'-এর অংশ হিসেবে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না; একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পরে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় প্রত্যক্ষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস চলবে। এ সময় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতি শনিবার বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।