
২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের বাধা-বিপত্তি বা অনিয়ম ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পান ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোনিরুল ইসলাম মুকুল ১১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পান ৪২০ ভোট।সহ-সভাপতি হারুন নূর রশিদ খান টিয়া পাখি প্রতীকে ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন হেলিকপ্টার প্রতীকে ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান আপেল প্রতীকে ৮১১ ভোটে বিজয়ী হন। নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ২ হাজার ৮৯ ভোটের মধ্যে ১৬২৪টি ভোট কাস্ট হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।