
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের কাজ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সুপেয় পানির সুবিধা পাননি পৌরসভার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানি শোধনাগারটি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে পৌরসভার চলমান বিভিন্ন প্রকল্পের কাজে গড়িমসি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় ২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সাধারণ মানুষ এর সুফল পাচ্ছেন না। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত প্রকল্পটি দ্রুত চালু করে পৌরবাসীর ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়ার দাবি জানান তারা। এ সময় বক্তারা পৌরসভার বিভিন্ন সমস্যা ও অনিয়মের কথা তুলে ধরেন। পাশাপাশি চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে গড়িমসি এবং নিম্নমানের কাজের অভিযোগের প্রতিবাদ জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার বাসিন্দা এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ অনেকে। বক্তারা বলেন, পানি শোধনাগারের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরও এটি চালু করতে এত দীর্ঘ সময় লাগার কোনো যৌক্তিকতা নেই। আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের দাবি জানান তারা।
তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা না হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।