
ময়মনসিংহের হালুয়াঘাটে শিশুদের নিরাপত্তা, অধিকার ও দারিদ্র্য থেকে মুক্তির বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, আচকিপাড়া বিডি-০৪০৪-এর আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, ধর্মীয় নেতারা, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বৈঠকে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং দারিদ্র্যের কারণে শিশুরা যেন শিক্ষা ও স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত না হয়—এসব বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম এবং অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত অবগতিকরণ করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, আচকিপাড়া বিডি-০৪০৪-এর প্রকল্প ব্যবস্থাপক মি. সুলভ রিছিল। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, আচকিপাড়া বিডি-০৪০৪-এর সমাজকর্মী মি. সিমশন রিছিলের সঞ্চালনায় এবং লোকাল সেন্টার কমিটি(এলসিসি) এর সভাপতি রেভা.প্রদীপ কুমার চিসিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্কাস আলী শিকদার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হালুয়াঘাট উপজেলা শাখার চেয়ারম্যান সুজা চিসিম, সাংবাদিক নাঈম আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ধর্মীয় নেতারা।