
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে চুরি হওয়া কোটি টাকা বাজারমূল্যের স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোসেন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গাবতলী টাগারপাড় এলাকার শিকদার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রুপার অলংকার জব্দ করে। গ্রেপ্তার হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার কালামের ছেলে। বর্তমানে ফতুল্লার চানমারি এলাকায় জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর গাবতলী টাগারপাড় এলাকায় আতিফা আশরাফের বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া মালামালের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।