
জামালপুরের মাদারগঞ্জে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়মকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মানববন্ধনে অভিযুক্ত জামিনুরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। গতকাল মঙ্গলবার সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসীর উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন- সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাদল ভূঁইয়া, বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নিহত মরিয়মের মা ববিতা বেগম, বাবা বাহাদুর আলী প্রমুখ। বক্তারা শিশু মরিয়মকে ধর্ষণ ও হত্যাকারী জামিনুরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অপরদিকে মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মাদারগঞ্জ শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।