
মুন্সীগঞ্জ শহরের দেওভোগ বাজার এলাকায় পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দেওভোগ বাজার এলাকায় তার ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকায়। স্বজনরা জানান, পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য দেলোয়ার হোসেন ভেতরে নামেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আরও জানান, দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার বলেন, তাকে আমরা মৃত অবস্থায় পাই। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবারের সদস্যরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।