
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। বিদ্যালয়টির পাশের হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। এ সাফল্য উদযাপন উপলক্ষ্যে গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানটির ৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপ্থির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু, পীরগঞ্জ বাশিস এর সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, কৃতি শিক্ষার্থী মনীষা বেগম ও রাকিব হাসান প্রমুখ।