
ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার করিঞ্চা খামার এলাকায় একটি পেয়াজখেতের পাশে কুড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে গতকাল বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী/০৩-এর ৯/১ ধারায়) একটি মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। আটক আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে। গতকাল বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।