
শেরপুর সদর উপজেলার একটি গ্রামে কোলে থাকা শিশুকে দুধ খাওয়ানোর সময় রোকেয়া বেগম (৩৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ হোসেন (২০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ৩ সন্তানের জননী। তিনি ওই গ্রামের মওলা মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী। গ্রামবাসীর ভাষ্য, অভিযুক্ত আরিফ হোসেন সম্পর্কে তার ভাতিজা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠানে চেয়ারে বসে কোলে থাকা ছোট শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন রোকেয়া। এ সময় তার ভাসুর মওলা মিয়ার ছেলে আরিফ হাতে ধারালো দা নিয়ে সেখানে উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই রোকেয়ার ওপর হামলা চালান তিনি।
এ সময় আরিফ ধারালো দা দিয়ে চাচি রোকেয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রক্তমাখা পোশাক পরেই আরিফ নিজের ঘরে চলে যান। সেখানে গোসল করে আত্মগোপনের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরিফের বসতঘরে অভিযান চালানো হয়।