
সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও দখলদারমুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। তিনি বলেন, চৌমুহনী পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও দখলদারমুক্ত করতে কাজ করা হবে। পাশাপাশি পৌরবাসীর প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন তিনি। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১২টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্যাহ বুলু।
তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণের প্রত্যাশা অনুযায়ী চৌমুহনী পৌরসভার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।