
একটি খেলার মাঠ বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। যে মাঠে একসময় খেলতে সিরিয়াল দিতে হতো, কে আগে খেলবে তা নিয়ে প্রতিযোগিতা চলত, সেই ঐতিহ্যবাহী মাঠটি এখন সংস্কারের অভাবে পরিত্যক্ত হওয়ার পথে। মাঠের মাঝখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় পুকুর ও গর্ত। দীর্ঘদিন ধরে খেলাধুলা না হওয়ায় হারিয়ে যাচ্ছে মাঠটির প্রাণচাঞ্চল্য।
এমন পরিস্থিতিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জ্ঞানের উৎস পাঠাগারের প্রতিষ্ঠাতা আল রুমান হাসান ও তার সহপাঠীরা।
গতকাল বৃহস্পতিবার জ্ঞানের উৎস পাঠাগারের ওয়েবসাইট ও নিজের ফেসবুক পোস্টে মাঠ সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আল রুমান হাসান। তিনি বলেন, আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় নিয়মিত খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও চন্ডিগড় ইউনিয়ন যেন খেলাধুলা থেকে অবসর নিয়েছে। অথচ একসময় এই মাঠ ছিল তরুণদের খেলাধুলা, আনন্দ ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলা ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে একটি খেলার মাঠের কোনো বিকল্প নেই। মাঠের অভাবে নতুন প্রজন্ম খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যৎ সমাজের জন্য উদ্বেগের বিষয়।