
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়ায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই ছেলে। গত মঙ্গলবার উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়ায় একটি বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে ঘটনাটি জানাজানি হয়। দগ্ধরা হলেন, ফারহানা এবং তার দুই ছেলে ওয়ালিদ ও খালিদ।
বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়ায় একটি বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে ঘরের ভেতরে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় মশা মারার জন্য ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করলে সেটি থেকে সৃষ্ট স্পার্কে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা ফারহানা ও তার দুই ছেলে দগ্ধ হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, গত বুধবার রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে ওয়ালিদের শরীরের ১০ শতাংশ, ফারহানার ৫ শতাংশ এবং খালিদের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।