ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

কুমিল্লার আদালত এলাকা থেকে যৌতুক মামলার এক আসামি পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। পরে বিকালে জেলার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে পুনঃরায় ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আসামির নাম মো. রুবেল। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে। পুলিশ জানায়, যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলায় রুবেল নামের এক আসামিকে গ্রেপ্তার করে তাকেসহ ৬ আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে আনা হয়। এ সময় নাঙ্গলকোট থানা পুলিশের ৫ জন পুলিশ সদস্য আদালতের হাজতখানার সামনে একে একে সকল আসামিকে বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় কৌশলে আসামি রুবেল পালিয়ে নাঙ্গলকোটের দিকে চলে যান। এ ঘটনায় তাকে আটক করতে জেলা ও থানা পুলিশ অভিযান শুরু করে।

নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, ওই আসামি পালিয়ে আসার প্রায় ২ ঘণ্টার মধ্যেই নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিকালে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। ওসি আরও বলেন, আসামিকে আদালতে নিতে ৫ জন পুলিশ সদস্য ছিলেন। তাই কীভাবে আসামি পালিয়ে গেলেন এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। অবহেলার প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান বলেন, দুপুরের দিকে হস্তান্তরের সময় এক আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের নিকট খবর আসে। পরে বিকালে তাকে পুনঃরায় আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত