
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যাকবলিত ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার অসহায় ও বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা।
শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী নৌকায় করে চরাঞ্চলের বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে ৬ শতাধিক বন্যাদুর্গত পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা।
তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো ঈমানি ও নৈতিক দায়িত্ব। পানিবন্দি মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহার মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরজ উল্লাহ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আহমেদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আক্তারুজ্জামান, চিলমারী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওয়াহীদসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।