
কুষ্টিয়ার গড়াই নদের ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ নেয়। কয়েক হাজার মানুষ নদীর দু'পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। চার বছর বিরতির পর মাঝিদের হৈইও রে হেইও বোল আর দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদের দুই পাড়। গতকাল শনিবার দুপুরে দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস ও পরিচালনা করেন দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুহাদ রেজা ফাহিম। সার্বিক তত্বাবধানে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মসলেম উদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুমারখালি উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন, কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মালিথা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এসময় বক্তারা বলেন, নৌকা বাইচ আমাদের হাজার বছরের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক লোকজ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় এমন একটি আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে। আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস জানান, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে দর্শনার্থীরা প্রতিযোগীদের উৎসাহ দেন। নৌকা বাইচকে কেন্দ্র করে ঘোড়াইঘাট ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।