
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ফরিদপুরে ১৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ২ হাজার ৫০০ টাকা ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার ফরিদপুর সদর উপজেলার হাফেজডাঙ্গীর বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড (এসডব্লিউএফ), ফরিদপুরের উদ্যোগে 'শিক্ষা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬' অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও 'সাহিত্যের ফেরিওয়ালা' প্রফেসর মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায় কর্মকার ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাসানুর রহমান রিয়াদ এবং অ্যাসোসিয়েশন অব বিল্ডিং ডিজাইন কনসালট্যান্ট, ফরিদপুরের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান মোল্লা। গিয়াস উদ্দিন খাঁন কলেজ, সদরপুরের প্রভাষক আবুল কালাম সিদ্দিকীর (ডাবলু) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক শাহাদাত হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আলতাফ হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা যাতে থেমে না যায়, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।