
আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে অভিবাসন ফেরতদের 'গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনঃএকত্রীকরণ প্রকল্পের আওতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর -৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্য বলেন, বিদেশ ফেরত কর্মীদের অর্জিত অভিজ্ঞতা ও শ্রমকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে সরকার বিভিন্ন পুনর্বাসন প্রকল্প গ্রহণ করেছে। গবাদিপশু পালন একটি সম্ভাবনাময় খাত, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে এ খাতে আত্মনিয়োগ করলে প্রবাসফেরত ব্যক্তিরা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং দিনাজপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন। এ সময় ভেটেরিনারি অফিসার ডা. আনিকা আকবর তৃষাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদেশফেরত প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী 'গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা' প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।