
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফরিদপুর পৌরসভা। পৌরসভার নিজস্ব অর্থায়নে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত ১১ জন শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বৃত্তির আবেদন আহ্বান করা হয়।
যাচাই-বাছাই শেষে সম্প্রতি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে পৌরসভা কার্যালয়। পৌরসভা সূত্রে জানা গেছে, দুইটি সেশনে এই বৃত্তি প্রদান করা হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) ৭ জন এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২য় বর্ষ) ৪ জন, মোট ১১ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে ২০২৫-২৬ সেশনে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের জয়শ্রী দাস মেঘা ও মো. আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারদিন ফাইয়াজ মুগ্ধ, অর্পিতা দত্ত জুঁই ও সায়মা জামান এশা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুনায়েদ আহমেদ রিয়াম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম। এছাড়া ২০২৪-২৫ সেশনে (২য় বর্ষ) নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাতিহা বিনতে ফরিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. রাব্বি শেখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাব্য রাহা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইয়াছিন আরাফাত। প্রথম বর্ষের শিক্ষার্থীরা জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ পর্যন্ত ২৪ মাস এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত ১২ মাস এই বৃত্তি পাবেন। তবে প্রথম বর্ষের ক্ষেত্রে ফলাফল সন্তোষজনক হওয়া সাপেক্ষে বৃত্তি অব্যাহত থাকবে।