ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভুয়া কাবিননামায় যৌতুক মামলা, বাদীর কারাদণ্ড

ভুয়া কাবিননামায় যৌতুক মামলা, বাদীর কারাদণ্ড

জাল কাবিননামা বানিয়ে যৌতুক ও নির্যাতন মামলা দায়ের করায় মামলার বাদী সুলতানা আক্তারকে তিন দিনের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একইসঙ্গে মিথ্যা মামলার দায় থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে মামলার বিবাদী শরিফুল ইসলামকে। বুধবার মানিকগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আদালতের বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুলতানের মেয়ে সুলতানা আক্তার বাদী হয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুরিয়া এলাকার গোলাম রব্বানীর ছেলে শরিফুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটি চার্জ (অভিযোগ) গঠনের শুনানির পর্যায়ে পৌঁছালে বিবাদী পক্ষের দাখিলকৃত কাগজপত্র ও তথ্যাদি যাচাই-বাছাই করা হয়। এ সময় বাদীর দাখিল করা কাবিননামাটি সম্পূর্ণ ভুয়া ও ভুয়া নথির ওপর ভিত্তি করে প্রস্তুতকৃত বলে আদালতে প্রমাণিত হয়। পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করা এবং নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করার অপরাধে বিচারক শোভন শাহরিয়ার বাদিনী সুলতানা আক্তারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে নির্দোষ প্রমাণিত হওয়ায় বিবাদী শরিফুল ইসলামকে মামলার সব দায় থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি আইনজীবী বজলুর রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে প্রবণতা বেড়েছে, এ ধরনের রায়ের ফলে তা অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত