
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ঘর পুড়ে যাওয়ায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ১৪টি পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ১০টি ঘরে ১৪ টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরে হঠাৎ করে আগুন লাগে। এরপর মুহুর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা যার যার মতো করে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০টি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে নোয়াব মিয়া, মো. মামুন, রুবেল মিয়া, কামাল মিয়া, মো. মহিউদ্দিন, মো. শাহিন, সোহেল মিয়া, আলফাজ মিয়া, শামীম মিয়া, হানিফ মিয়া, ছোটন মিয়া, আলতাব মিয়া, শরীফ মিয়া ও রনি মিয়া। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ চলছে।