
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন— তারেক রহমান বিশ্বের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে।
তিনি বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে বিসিএস ক্যাডারসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশ ও জাতির সেবা করবে— ইনশাআল্লাহ।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।