ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রমিক ধর্মঘট

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা- মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক সূত্রে জানা যায়, গত রোববার দামুড়হুদার ফকিরপাড়ায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ হয়। পরে রিকশাচালকেরা প্রায় চার ঘণ্টা ধরে ব্যারিকেড দিয়ে মহাসড়কে বাস আটকে রাখেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকরা। সকাল থেকে জেলার পাঁচ রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বেশি।

বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শিপন নামের এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি। চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, 'পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক ও বাস মালিক ঐক্যপরিষদের আলোচনা সভা হবে। সেখানে কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত