
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিতে যাচ্ছে সরকার। এতদিন ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার এর পরিধি বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে তিনজন শিক্ষক এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।
রাবি থেকে গুণী শিক্ষক সম্মাননার জন্য নির্বাচিত তিন শিক্ষক হলেন—বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইব্রাহীম হোসেন মন্ডল ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একই সঙ্গে তিনজন শিক্ষক এ ধরনের সম্মাননা পাওয়ার ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। অধ্যাপক ড. অরুণ কুমার বসাক দেশের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন গবেষক ও শিক্ষক। এর আগেও তিনি শিক্ষকতা ও গবেষণায় অবদানের জন্য বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
জানা গেছে, জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের এ সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে টারশিয়ারি পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের এ সম্মাননার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, 'এবার গুণী শিক্ষক সংবর্ধনার পরিধি ও আওতা বাড়ানো হয়েছে। আগে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হতো। এবার পরিধি বাড়িয়ে ১০০ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে টারশিয়ারি পর্যায় পর্যন্ত সব স্তরের শিক্ষকদের এ সংবর্ধনার আওতায় আনা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।
এর মাধ্যমে শিক্ষকরা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন।'
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবার তিনজন শিক্ষক গুণী শিক্ষক সংবর্ধনা পেতে যাচ্ছেন উল্লেখ করে উপাচার্য বলেন, 'আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষককে নিয়ে গর্বিত। তাঁরা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভালো গবেষক হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছেন। গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই তিনজনই নন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকদেরও আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।'
গুণী শিক্ষক নির্বাচনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, 'এখানে শুধু গবেষণার বিষয়টি বিবেচনা করা হয়নি। একজন শিক্ষক সমাজে কী ধরনের অবদান রাখছেন, তাঁর নেতৃত্বের গুণাবলি কেমন, আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সুনাম কেমন এবং তাঁর গবেষণার সাইটেশন কত—এসবসহ প্রায় ১০ থেকে ১২টি মানদণ্ড বিবেচনা করে গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। তাই যারা এই সম্মাননা পাচ্ছেন, তাঁরা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন।'
একসঙ্গে তিনজন শিক্ষক গুণী শিক্ষক সম্মাননা পাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বলে উল্লেখ করে উপাচার্য বলেন, 'এর আগে একসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক এ সম্মাননা পাননি। এবার তিনজন শিক্ষক নির্বাচিত হওয়াকে আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাক্ষেত্রের অগ্রগতির একটি ইতিবাচক দিক হিসেবে দেখছি।'
তিনি আরও বলেন, 'বর্তমান প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গুণী শিক্ষক সম্মাননা পাওয়ার মতো যোগ্যতা ও সম্ভাবনা রাখেন, তাঁদের বিষয়ে যথাযথভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের যোগ্য শিক্ষকদের স্বীকৃতির আওতায় আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষক এ ধরনের সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখেন।'
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন গুণী শিক্ষকের হাতে এ সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি : "শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে জেলা পরিষদ পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার বিডি হল হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশনেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, শিক্ষকনেতাসহ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে আজ সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শিক্ষক -শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে।
হালুয়াঘাট প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 'গুণী শিক্ষক' হিসেবে সম্মাননা পেলেন হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার সোমা। উল্লেখ্য যে শামসুন্নাহার সোমা ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চারজনকে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা। শামসুন্নাহার সোমা গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শিক্ষক সমাজ ও সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেন। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আলোকিত সমাজ। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা সবার দায়িত্ব।
নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি : নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়। সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। সভায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের উদ্যোগের অংশ হিসেবে গত ১৫ আগস্ট একযোগে সারাদেশে ইএফটি ও আইবাস++-এর মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় মুন্সীগঞ্জ জেলায় ১৬২ জন শিক্ষক-কর্মচারীর অনুকূলে মোট ২ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা বিতরণ করা হয়েছে। বক্তারা আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার ওপর প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো ভালোবাসা ও যত্নের মাধ্যমে শিক্ষকরা তাঁদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারেন। এর মাধ্যমে শিক্ষকতার মর্যাদা ও সম্মানের স্বর্ণালী ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পূর্ণ বেসিক বেতন নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলার দায়িত্বও তাঁদের ওপর বর্তায়। শিক্ষকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে একটি দক্ষ ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে উঠবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ সমৃদ্ধ হলে ভবিষ্যতে শিক্ষকদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা সম্ভব হবে। সভায় শিক্ষাখাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার প্রদানের বিষয়টিও তুলে ধরা হয়। আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষকদের মর্যাদা ও অধিকার, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি, আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ শিক্ষক নেতারা বলেন, ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকার পে স্কেলের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষক নেতারা বলেন, বৈষম্যহীনভাবে শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস সহ অন্যান্য সকল সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করতে হবে। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের কল্যাণ এবং অবসরের টাকা অবসরের তিন মাসের মধ্যেই পরিশোদের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : 'শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশাকে সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর'—এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—তিন ক্যাটাগরিতে সর্বমোট ১৮ জন গুণী শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আব্দুল আল মামুন কাওসার শেখ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন।
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :'শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের ২জন সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী ও হারুন অর রশিদ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সখিপুর সরকারী কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মুহাসিন আলী, কেবিএ কলেজের সহযোগী অধ্যাপক আবু তালেব, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সমাজ পরিবর্তনের প্রধান কারিগর। একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মানউন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে এবং প্রশাসন সবসময় শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকবে। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠানে তাঁদের সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।
উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল হান্নান সজল। বিশেষ অতিথি ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক সহ প্রায় ৭০০ শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন।
নোয়াখালী প্রতিনিধি : শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে আয়োজিত শিক্ষক সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্যাহ বুলু বলেন, আলোকিত বাংলাদেশ গড়তে হলে আগে আলোকিত মানুষ তৈরি করতে হবে। আর আলোকিত মানুষ তৈরির কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :'শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নুরুন্নাহার লিজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, হারুন অর রশিদ, ঝিনায়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রাজিব আহম্মেদ, হুসাইনিয়া ফাজিল মাদরাসার প্রতিনিধি মুসাহিদ আকন্দ ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাব্যবস্থার মান নির্ধারণে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষৎ নির্মাণে ৬০ বছর " এবারের এই প্রতিপাদ্যকে সমানে রেখে ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে র্যালী বের হয়ে বাসস্ট্যান্ড চত্ত্বর প্রদক্ষিন করে পরিষদ চত্ত্বর এসে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহববুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোছা. আক্তার বানু,উপজেলা মাধ্যমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো, শহীদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চলনায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্ক কর্তৃক ১৯১৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ১৯৯৪ সাল থেকে সরকারি ভাবে বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক নেতারা বলেন, আমাদের সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দ্রুত নিরসন করতে হবে। এজন্য দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মধ্য দিয়ে বৈষম্য দূর করা সম্ভব। বক্তারা আরো বলেন, একটি উন্নত, মানবিক রাষ্ট্র বিনির্মাণে ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে শেষে বিভিন্ন ক্যাটগরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক শারমিন আক্তার,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের শিক্ষকগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
?সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড।
একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আরও বলেন, পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে- তার মধ্যে শিক্ষকতাকে মর্যাদার চোখে দেখা হয়। পৃথিবীতে মা-বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানবসম্পদ বির্নিমাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর। শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি করে। যার ফলে একজন শিক্ষার্থী সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হয়।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর)সকাল দশটায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা সবুজ কান্তি ,গুণী শিক্ষক নাঙ্গুলী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাসরুল্লাহ, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক মঞ্জুয়ারা, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, কচুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুণী প্রধান শিক্ষক শামসুন্নাহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এনামুল হক, প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমূখ। উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে অনুষ্ঠানে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ২৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ, বেতন-ভাতা ও কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। সভায় শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব, তাদের সম্মাননা ও প্রণোদনা এবং বর্তমান সময়ে শিক্ষকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন বক্তারা।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা এবং বিশ্বব্যাপী তাদের পেশাগত অধিকার, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে রংপুরের উপজেলার ভেন্ডাবাড়িতে 'বিশ্ব শিক্ষক দিবস ২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভেড়াবাড়ী মহিলা কলেজ মাঠে সম্মিলিত শিক্ষক পরিষদ, ভেড়াবাড়ী শাখা রংপুর-এর আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ কর্মসূচিতে ভেন্ডাবাড়ি এলাকার ১৭টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী বের করা হয়। সোমবার সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতি ভবনে এক সমাবেশে মিলিত হয়। "পেশার সুরক্ষায়, মর্যাদার উন্নয়নে এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর' এ প্রতিপাদ্য। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
শিক্ষক নেতারা বলেন, দেশের সকল প্রাথমিক শিক্ষাকে বিগত সরকার জাতীয় করণ করে শিক্ষকদের সম্মানিত করেছেন। পরে অবসরজনিত বিদায়ী শিক্ষকদেরকে সংবর্ধনা দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হাসিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন। সমাবেশে বক্তারা শিক্ষা ব্যবস্'ার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের জীবনযাত্রার মান নিশ্চিতকরণে বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : যথাযথ মর্যাদা, অসীম শ্রদ্ধা ও বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। "শিক্ষকদের সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম"— এই উদাত্ত আহ্বানে মুরাদনগর ও বাঙ্গারা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও প্রাণবন্ত আলোচনা সভা। ০৫ অক্টোবর সকালে মুরাদনগরের কবি নজরুল মিলনায়তনে সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যে মুরাদনগর ও বাঙ্গারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, "শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষেই শিক্ষা দেন না, তাঁরা একটি আদর্শ সমাজ ও আধুনিক জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক সমাজকে কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তারা প্রকৃত সুশিক্ষায় আলোকিত হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের মেলবন্ধন অত্যন্ত জরুরি; তাই শিক্ষার্থীদের পড়াশোনা ও সামগ্রিক আচরণের অগ্রগতি নিয়ে অভিভাবকদের প্রতিনিয়ত অবহিত রাখা প্রয়োজন।" কাজিয়াতল দক্ষিণ দাখিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়।
সভায় শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুর রব পাটোয়ারী, প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ, শিক্ষক বেলালউদ্দিন আহমেদ, রাশেদ খান ও আবু মুছা।
এছাড়াও বিশেষ অতিথি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা সভা শেষে কবি নজরুল মিলনায়তন প্রাঙ্গণ থেকে এক দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : শিক্ষকদের পাশে দাঁড়াই, পেশা সুরক্ষার ৬০ বছর,মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া ' স্লোগান নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত 'বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ চত্বর হতে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়।
পরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষকরা জাতির কারিগর, শিক্ষকদের হাতে আমাদের সন্তানের ভবিষ্যৎ।