
টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের প্রয়োজনীয় সুযোগ না থাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকার শত শত পরিবার দীর্ঘস্থায়ী পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে রান্নাবান্না করা, নিত্যপ্রয়োজনীয় কাজ এবং গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। জলাবদ্ধতার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না, যা তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থানীয়দের অতিষ্ঠ করে তুলেছে।
জানাগেছে, ১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও পৌর এলাকার এ ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুম শেষ হলেও বিভিন্ন ওয়ার্ডে এখনো জমে রয়েছে পচা ও দুর্গন্ধযুক্ত পানি। স্থায়ী জলাবদ্ধতার কারণে বাড়ছে মশার উপদ্রব দেখা দিচ্ছে ডেঙ্গু ও নানা ধরনের চর্মরোগ। এতে শত শত পরিবারের মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। কোথাও চলাচলের ভরসা খেয়া নৌকা, আবার কোথাও বাঁশের সাঁকো। পচা পানি মাড়িয়েই প্রতিদিন চলাচল করছেন স্থানীয়রা। পানি ঢুকছে বসতবাড়িতেও, এর সঙ্গে বাড়ছে বিষাক্ত সাপের উপদ্রপ, আতংকে দিন কাটাচ্ছে অনেক পরিবার। দীর্ঘ দিন জলাবদ্ধ থাকায় আবাদি জমি পানির নীচে তলিয়ে রয়েছে । ফলে সময়মত চাষাবাদ করতে না পেরে লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, তারা নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করলেও নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে প্রতারিত হচ্ছেন তারা। পৌরসভার প্রয়োজনীয় ড্রেনেজ বা পানি নিষ্কাশনের কোনো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত। দিন যত অতিবাহিত হয় সময়ের আবর্তে বাড়ছে পৌর কর। বর্ধিত পৌর কর পরিশোধ করেও মিলছে না প্রয়োজনীয় নাগরিক সেবা। মাসের পর মাস জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের । দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে চান্দশী গ্রামবাসী ও ব্যবসায়ীরা মিলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো জানায়, দীর্ঘ জলাবদ্ধতার কারণে স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তিতে পড়ছে। বাড়ির ভিতরে পানি ঢোকায় রান্নাবান্না সহ গৃহস্থালী কাজে গৃহবধুরা নানা ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তিভোগী এলাকাবাসী এই চরম দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি পেতে ঘাটাইল পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের জোড় দাবি জানিয়েছেন।
চান্দশী গ্রামের আরিফ হোসেন জানান, বর্ষা মৌসুম শেষ হলেও জমে রয়েছে ময়লা- আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি। স্থায়ী জলাবদ্ধতার কারণে বাড়ছে মশার উপদ্রব দেখা দিচ্ছে ডেঙ্গু ও নানা ধরনের চর্মরোগ, শত শত পরিবারের মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের দাবি জানান তিনি।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও ঘাটাইল পৌরসভার প্রশাসক নূরী তাসমিন উর্মি জানান, তিনি পৌর এলাকার পানিবন্দী পরিবার গুলোর খোঁজখবর নিতে চান্দশী এলাকা পরির্দশন করেছেন। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা রোধে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।