
'নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রকৌশলীর দপ্তর (এলজিইডি) বন্দর নারায়ণগঞ্জের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বন্দর এলজিডি কার্যালয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় বন্দর এলজিইডির পক্ষ থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরে এলজিডির কর্মকর্তা ও কর্মচারীগণ উপজেলা ভবন ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন। র্যালি শেষে উপজেলা প্রকৌশলী এস এম সামিন ইশরাক বলেন, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সকলের দায়িত্ব। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
নিজ নিজ প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। কর্মসূচিতে ?উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সার্ভেয়ার ?জাহাঙ্গীর আলম, হিসাবরক্ষক মাসুম মিয়াসহ ?অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলসিএস মহিলাকর্মীরা উপস্থিত ছিলেন।