ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া, কাজ বন্ধ করে দিল প্রশাসন

অ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া, কাজ বন্ধ করে দিল প্রশাসন

কুমিল্লার তিতাসে আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর ওপর নির্মাণাধীন সেতুর দুইপাশের এ্যাপ্রোচে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারে অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর শনিবার বিকালে উপজেলা প্রকৌশলী সরেজমিনের পরিদর্শন শেষে কাজটি বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে। উক্ত সড়কের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর আগের (বেইলি) সেতুর স্থানে ৭৫ মিটার নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৩ সালের ৮ আগষ্ট উক্ত কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দফায় ঐবছরের ৩০ জুন, দ্বিতীয় দফায় ৩১ ডিসেম্বর, তৃতীয় দফায় চলতি বছরের ৩০ জুন এবং চতুর্থ দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।

এদিকে, প্রথম পর্যায়ে সেতু নির্মাণের প্রাক্কলিত মূল্য ৯ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ১৫৭ টাকা থাকলেও চুক্তি মূল্য হয় ১০ কোটি ৭৭ লক্ষ চব্বিশ হাজার ৬৯৯ টাকা, পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে সংশোধিত মূল্য হয় ১ কোটি ৩৬ লাখ ৯৩২৪২ টাকা, বর্তমানে সেতু নির্মাণ খরচ চুক্তিমূল্য ১২ কোটি ১২ লক্ষ ১৭ হাজার ৯৪২ টাকা। যার মধ্যে সংশোধিত চুক্তিতে ২৮০ মিটার সংযোগ সড়ক ও ২৪০ মিটার রিটার্নিং ওয়াল রয়েছে। এদিকে রিভাইসের মাধ্যমে অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ কাজের মান ও অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে গুরুতর অভিযোগ। আসমানিয়া বাজারের একাধিক ব্যবসায়ী ও পথচারী বলেন, এই সেতুটি দিয়ে গোমতী নদীর দুইপাড়ের ২৪টি গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াত করবে। এই সেতুটি করতে ৩ বছর সময় লেগেছে। এতে মানুষ ভোগান্তি ও ব্যয় বেড়েছে, তারপরও নিম্নমানের ইটের খোয়া দিয়ে অ্যাপ্রোচের কাজ করা হচ্ছে। সাধারণ জনগণ এর পরিত্রাণ চায়। ভালো নির্মাণ সামগ্রী দিয়ে কাজে মান ভালো রাখার দাবী তুলেন তারা। এসএবিএনএমই এর ম্যানেজার মো. আতিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর আমি নিজেই লজ্জিত হয়েছি। সাপ্লাইয়ারের সাথে এক নাম্বার ইটের চুক্তি থাকলেও সে কিছুটা খারাপ ইটের খোয়া মিশিয়ে দিয়েছে। আগামী দুই একদিনের মধ্যে নিম্নমানের খোয়া সরিয়ে পুনরায় কাজ শুরু করা হবে। উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। তাই চিঠি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। নিম্নমানের ইটের খোয়া সরিয়ে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত