
ফরিদপুর জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. বাকাহিদ হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়।