
হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে টমটমে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার বিকালে খাঁবাড়ির সৈয়দ আলী ও মোল্লাবাড়ির আফিল উদ্দিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টমটমে বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর দুই নারীর মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বিরোধ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।