
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শহরের বাবু পাড়া থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে আলমডাঙ্গা উপজেলা পৌর এলাকার বাবুপাড়ায় তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাবুপাড়া এলাকার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে সুষম কাওনাইন ও তার স্ত্রী তাহমিদা ইসলাম তন্মি ।
জানা যায়, গত মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের বাবুপাড়া এলাকায় অভিযান চালায় তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক), ৪০ ও ৪১ ধারায় করা হয়েছে। এ ছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তার দুজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।