ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সুতা ও কার্টনের একাধিক গোডাউনে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে শেড ভেঙে পড়ায় এবং তীব্র পানির সংকটের কারণে পুরোপুরি নির্বাপণ করতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা।

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় 'সুপ্রিম স্ট্রিজ' নামের একটি পোশাক কারখানার গোডাউনে গতকাল শনিবার বেলা সোয়া ১০টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি কার্পেটে লাগা আগুন দ্রুত টিনের শেডে ধরে যায় এবং নিজস্ব পানি ফুরিয়ে এলে তা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ডিবিএল গ্রুপসহ 'আমার দেশ এগ্রো লিমিটেড'-এর বিশাল সুতার গোডাউনে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়। ব্যবস্থাপনা পরিচালক, আমার দেশ এগ্রো লিমিটেড সাইফুল ইসলাম শাহিন জানায়, সীমানা প্রাচীরে দ্রুত পানি ছিটিয়ে দিলে এই ক্ষয়ক্ষতি এড়ানো যেত। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এর মধ্যে ভোগড়া থেকে ২টি, ইপিজেড থেকে ৩টি, ডিবিএল থেকে ১টি এবং সাভার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে স্থানীয় রিজার্ভারগুলোর পানি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ায় এবং এলাকায় তীব্র পানির সংকটের কারণে অগ্নিনির্বাপণে চরম জটিলতা তৈরি হয়।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানায়, প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন চারদিকে ছড়ানো ঠেকানো গেলেও ড্যাম্পিং ডাউনের কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানায়, ২০ থেকে ২৫ ফুট উঁচু টিনের শেড ভেঙে সুতা ও অতি-দাহ্য কার্টনের ওপর স্তূপ হয়ে পড়েছে। ফলে এক্সকেভেটর দিয়ে এসব শেড না সরানো পর্যন্ত ভেতরে পানি পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত