
নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ কাব স্কাউট। গতকাল শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ ছাড়া উপজেলা স্কাউটসের সদস্য, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণের বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাব স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। তাঁরা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।