
গতকাল রাতে ১২ টার পর (০৯ নভেম্বর) আমার প্রচণ্ড পেটব্যথা শুরু হয়। আমার এমন অবস্থা দেখে বন্ধুরা অ্যাম্বুলেন্সে ফোন করেন। কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন দিলে তারা জানান, এই মুহূর্তে আসা সম্ভব নয়। কারণ, ইতিমধ্যে তারা একজন রোগীকে নিয়ে ত্রিশাল হাসপাতালে চলে গেছেন। বাধ্য হয়েই গভীর রাতে আমাদের রিকশা নিয়ে হাসপাতালে যেতে হয়। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ার এমন অভিজ্ঞতার কথা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্থানিয় সরকার ও নগর উন্নয়ন ভিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক মুহিত। তাঁর মতোই জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়ে অ্যাম্বুলেন্স সংকটে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের। প্রায় ১৩ হাজার মানুষের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র একটি অ্যাম্বুলেন্স। সংকট নিরসনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও ১৪ মাস পেরিয়ে এখনো তা বাস্তবায়িত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন প্রায় ৬০০ জন। বিপুলসংখ্যক মানুষের জরুরি চিকিৎসাসেবা ও রোগী পরিবহনের জন্য নির্ভর করতে হচ্ছে একমাত্র অ্যাম্বুলেন্সটির ওপর। ফলে অ্যাম্বুলেন্সটি কোনো রোগীকে নিয়ে ক্যাম্পাসের বাইরে গেলে একই সময়ে অন্য কারও জরুরি প্রয়োজন দেখা দিলে তৈরি হয় ভোগান্তি। অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় রোগীকে। এতে জরুরি চিকিৎসাসেবা পেতে বিলম্বের আশঙ্কাও তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সংকট নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় আরও একটি অ্যাম্বুলেন্স সংগ্রহের আশ্বাস দিয়েছিলেন। তবে সেই আশ্বাসের ১৪ মাস পেরিয়ে গেলেও নতুন কোনো অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের বহরে যুক্ত হয়নি। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। প্রায় ১৩ হাজার মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স কোনোভাবেই পর্যাপ্ত নয়। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া এবং ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. হেলাল উদ্দিন বলেন, "এ বিষয়টি নিয়ে আমি সাবেক উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। বর্তমান উপাচার্যের সঙ্গেও আমার কথা হয়েছে। এ ক্ষেত্রে নতুন অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে পুরোনো কোনো গাড়ি মোডিফাই করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা যায় কি না, তা নিয়ে ভাবা হচ্ছে।" এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, "অনেকেই আশ্বাস দেন, কিন্তু শেষ পর্যন্ত কয়জন তা বাস্তবায়ন করেন? বিভিন্ন বেসরকারি ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় একটি অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানগুলো আর আগ্রহ দেখায়নি। বর্তমান উপাচার্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে নতুন করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন। তারা বিশ্ববিদ্যালয়কে একটি বড় বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায় কি না, সে বিষয়েও উপাচার্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"
এদিকে বর্তমান প্রশাসনও অ্যাম্বুলেন্স সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, "বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। তবে জরুরি মুহূর্তে রোগীদের ময়মনসিংহ কিংবা ত্রিশালে আনা-নেওয়ার জন্য একটি হাইএস গাড়িও ব্যবহার করা হচ্ছে।"
আগের প্রশাসনের সময়ে অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার বিষয়ে তিনি বলেন, "বিগত প্রশাসন এ বিষয়ে অনেক আশ্বাস দিলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। তবে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।
২০১৯ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে গাড়ি কেনার অনুমতি নেই। ফলে নতুন গাড়ি সংগ্রহ করতে হলে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম কিংবা অনুদানের অর্থের ওপর নির্ভর করতে হবে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান থেকে অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়ে ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি। যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের বহরে যুক্ত করার চেষ্টা করছি।" তবে কবে নাগাদ নতুন অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের বহরে যুক্ত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা জানাতে পারেনি প্রশাসন।