ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

স্বপ্ন দেখেন বেকারত্বমুক্ত বাংলাদেশের

হোগল পাতা ও কচুরিপানায় স্বাবলম্বী শামীম চৌধুরী

হোগল পাতা ও কচুরিপানায়  স্বাবলম্বী শামীম চৌধুরী

জলাশয়ে ভেসে বেড়ানো কচুরিপানা আর গ্রামীণ জনপদের অব্যবহৃত হোগল পাতা। একসময় যেসব উপকরণ ছিল অবহেলিত, সেসব দিয়েই তৈরি হচ্ছে নান্দনিক সব হস্তশিল্প। ঝুড়ি, পাপস, প্লেসমেট, ফুলদানি থেকে শুরু করে মাথার ক্যাপসহ নানা পণ্য। এসব পণ্য তৈরি করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি ২০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন পটুয়াখালীর তরুণ উদ্যোক্তা শামীম চৌধুরী। বর্তমানে তার প্রতিষ্ঠানে বছরে ৫০ লাখ টাকারও বেশি পণ্য বিক্রি হচ্ছে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করা তার এই উদ্যোগ এখন সম্ভাবনাময় এক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার বাসিন্দা শামীম চৌধুরী পটুয়াখালী সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষা শেষ করে প্রচলিত চাকরির পথে না হেঁটে নিজেই কিছু করার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে ২০২৪ সালে প্রতিষ্ঠা করেন 'সেহরিশ হ্যান্ডিক্রাফট বিডি'। গ্রামীণ জনপদে পাওয়া হোগল পাতা ও কচুরিপানার দড়ি দিয়ে হস্তশিল্প তৈরির মধ্য দিয়ে শুরু হয় তার উদ্যোক্তা জীবনের পথচলা।

শুরুতে নানা সীমাবদ্ধতা থাকলেও ধীরে ধীরে নিজের উদ্যোগকে এগিয়ে নেন শামীম। বর্তমানে তার কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব ও নান্দনিক হস্তশিল্প। দৈনন্দিন ব্যবহার উপযোগী এসব পণ্যে রয়েছে সৌন্দর্য ও সৃজনশীলতার ছোঁয়া। অবহেলিত উপকরণকে কাজে লাগিয়ে মূল্য সংযোজনের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন তিনি।

শামীম চৌধুরীর কারখানায় বর্তমানে কাজ করছেন ২০ জন শ্রমিক। তাদের শ্রম ও দক্ষতায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের হস্তশিল্প। একটি উদ্যোগের মাধ্যমে এসব মানুষের কর্মসংস্থান হওয়ায় তাদের পরিবারেও এসেছে বাড়তি আয়ের সুযোগ। উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটিতে বছরে ৫০ লাখ টাকারও বেশি পণ্য বিক্রি হচ্ছে।

শামীম চৌধুরী বলেন, চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার স্বপ্ন থেকেই এই উদ্যোগ শুরু করি। আমাদের গ্রামীণ জনপদে হোগল পাতা ও কচুরিপানার মতো অনেক উপকরণ রয়েছে, যেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করা সম্ভব। সেই চিন্তা থেকেই ২০২৪ সালে সেহরিশ হ্যান্ডিক্রাফট বিডি প্রতিষ্ঠা করি। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও এখন আমাদের প্রতিষ্ঠানে ২০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। বছরে ৫০ লাখ টাকারও বেশি পণ্য বিক্রি হচ্ছে। আমার স্বপ্ন, এই প্রতিষ্ঠানকে আরও বড় করা এবং আরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।

কারখানার এক কর্মচারী বলেন, এই প্রতিষ্ঠানে কাজ করে আমরা নিজেরা আয় করতে পারছি এবং পরিবারকে সহযোগিতা করতে পারছি। আগে নিয়মিত কাজের সুযোগ ছিল না। এখন এখানে কাজ করে সংসারের খরচ চালাতে পারছি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই প্রতিষ্ঠানটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। আমরা চাই, প্রতিষ্ঠানটি আরও বড় হোক। তাহলে আরও মানুষের কাজের সুযোগ হবে।

তবে সম্ভাবনাময় এ উদ্যোগের পথেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। পটুয়াখালীতে হোগল পাতা ও কচুরিপানার দড়ি উৎপাদন ও সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এসব কাঁচামাল সংগ্রহ করতে হচ্ছে পার্শ্ববর্তী ভোলা ও নোয়াখালী জেলা থেকে। এতে কাঁচামাল পরিবহন ও সংগ্রহে বাড়তি ব্যয় হচ্ছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনা নিয়েও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে উদ্যোক্তাকে।

শামীম চৌধুরী বলেন, আমাদের পটুয়াখালীতে হোগল পাতা ও কচুরিপানার দড়ি উৎপাদনের ব্যবস্থা নেই বললেই চলে। এ কারণে ভোলা ও নোয়াখালী থেকে এসব কাঁচামাল সংগ্রহ করতে হয়। স্থানীয়ভাবে এসব কাঁচামাল উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা হলে আমাদের উৎপাদন খরচ কমবে। একই সঙ্গে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমরা চাই, সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এ শিল্পকে আরও এগিয়ে নিতে।

স্থানীয়ভাবে এসব কাঁচামাল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গড়ে উঠলে উদ্যোক্তার উৎপাদন ব্যয় কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে গ্রামীণ জনপদের মানুষের জন্য হোগল পাতা ও কচুরিপানাকে ঘিরে বাড়তি আয়ের পথও উন্মুক্ত হবে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকায় হোগল পাতা ও কচুরিপানার মতো উপকরণ আগে তেমন কাজে লাগানো হতো না। শামীম এসব দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে ব্যবসা করছেন, আবার এলাকার মানুষের কর্মসংস্থানও হচ্ছে। একজন তরুণ নিজের উদ্যোগে এত মানুষের কাজের ব্যবস্থা করেছেন, এটি এলাকার জন্য ইতিবাচক বিষয়। এ ধরনের উদ্যোগ আরও হলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

শামীমের প্রতিষ্ঠানে তৈরি হস্তশিল্প শুধু দেশীয় বাজারেই সীমাবদ্ধ নয়। অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এতে পটুয়াখালীর স্থানীয় উদ্যোগে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। হস্তশিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, বাজার সংযোগ এবং রপ্তানি প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পটুয়াখালী বিসিক শিল্পনগরীর সহকারী ব্যবস্থাপক মো. আলমগীর সিকদার বলেন, হস্তশিল্প খাতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য তৈরি এবং বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, পণ্যের মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে আরও এগিয়ে নেওয়া সম্ভব। উদ্যোক্তারা এগিয়ে এলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।

ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি শামীম চৌধুরীর রয়েছে রাজনৈতিক পরিচয়ও। তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তরুণদের সামনে আত্মকর্মসংস্থানের একটি দৃষ্টান্ত তুলে ধরতে চান তিনি।

শামীমের স্বপ্ন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকে একেকজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করবেন। এতে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের বেকারত্ব কমাতেও ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন তিনি।

শামীম চৌধুরী বলেন, আমি মনে করি, দেশের বেকারত্ব দূর করতে তরুণদের শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। একজন তরুণ উদ্যোক্তা হলে শুধু নিজের কর্মসংস্থানই তৈরি হয় না, তার মাধ্যমে আরও অনেক মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়। আমি চাই, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী পড়াশোনার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত