
ইউরোপে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন শরীয়তপুরের দুই যুবক কামাল খলিফা ও আতিক মাঝি। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। আকাশ সরদার চক্র তাদের ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের লিবিয়ায় নিয়ে একটি মানব পাচারকারী চক্রের কাছে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। সেখানে আটকে রেখে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দফায় দফায় দাবি করা হচ্ছে মুক্তিপণ।
সন্তানদের জীবন বাঁচাতে দুই পরিবার জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে এরইমধ্যে দফায় দফায় প্রায় ৪০ লাখ টাকা দিয়েছে। কিন্তু টাকা দিয়েও মেলেনি মুক্তি। উল্টো নতুন করে টাকা দাবি করছে চক্রটি। একদিকে সন্তানদের নির্যাতনের ভিডিও, অন্যদিকে অর্থ জোগারে অসামর্থ্য সব মিলিয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারগুলোর।
স্বজনদের এখন একটাই আকুতি, যেকোনো মূল্যে সন্তানদের জীবিত দেশে ফিরিয়ে আনা। এ ঘটনায় মানব পাচার চক্রের প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানব পাচার আইনে দায়ের করা দু'টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জিম্মি থাকা কামাল খলিফা নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আতিক মাঝির বাড়ি একই উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। তারা দুজন বন্ধু। অভিযুক্ত আকাশ সরদার নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে আকাশ সরদারের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামাল ও আতিক। পরে তাদের লিবিয়ায় নিয়ে একটি চক্রের কাছে তুলে দেওয়া হয়। এরপর থেকেই তাদের আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। নির্যাতনের হাত থেকে বাঁচতে মাথায় হাত দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন তারা। ভিডিওটি দেখার পর থেকে দুই পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে চরম আতঙ্ক ভয়াবহ অনিশ্চয়তা।
কান্নাজড়িত কণ্ঠে কামরুন নাহার বলেন, ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল, সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাচ্ছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।
এদিকে আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও এক বছরের শিশুসন্তান মুসা। তার বড় ভাই বাকপ্রতিবন্ধী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। বৃদ্ধা মা অপেক্ষায় রয়েছেন ছেলের ফেরার, স্ত্রী অপেক্ষা করছেন স্বামীর, আর অবুঝ শিশুটি অপেক্ষা করছে বাবার স্নেহের। কিন্তু পরিবারের কেউ জানেন না, কবে শেষ হবে এই অপেক্ষা।
আতিকের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, ছেলেকে দেশে এনে তার বুকেফিরিয়ে দেওয়ার।
আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মানব পাচার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া জামান বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার আইনে করা দু'টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মানব পাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সবকিছু হারিয়েও সন্তানদের ফিরে পাওয়ার আশা ছাড়েননি দুই পরিবারের সদস্যরা।
তাদের কাছে এখন অর্থ-সম্পদ কিংবা অন্য কোনো চাওয়া নেই। কামরুন নাহার চান ছেলেকে আবার বুকে জড়িয়ে ধরতে, আমেনা খাতুন চান বৃদ্ধ বয়সে সন্তানের মুখ দেখতে, আর আফরোজা চান তাঁর এক বছরের সন্তান যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত না হয়। দুই পরিবারের এখন একমাত্র আকুতি রাষ্ট্রের কাছে, লিবিয়ায় বন্দি কামাল ও আতিককে দ্রুত উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগের।