
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, খনির ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত সিং সিয়াওজুন খনির ভেনটিলেটর সাইডে কর্মরত ছিলেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই স্থানীয় সহকর্মীকে সঙ্গে নিয়ে ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান সিং সিয়াওজুন। দুই সহকর্মী অন্য স্থানে গ্যাস পরিমাপ করতে গেলে তিনি ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। এরপর ওই স্থানে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হওয়ার পরও সিং সিয়াওজুন ভূ-গর্ভ থেকে ফিরে না আসায় তার সহকর্মীরা সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি জানান। পরে খনির উদ্ধারকারী দল (রেসকিউ টিম) অনুসন্ধান চালিয়ে ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের নিজস্ব দপ্তর এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কনসোর্টিয়াম তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী লাশ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আবেদন পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।