
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সদর ইউনিয়ন জামায়াতের আমির শাহীনুর আলম। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভুল তথ্য অন্তর্ভুক্ত হলে কিংবা কোনো পরিবার বাদ পড়লে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে। তাই সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।উল্লেখ্য, দ্বিতীয় ব্যাচে মোট ৩৫ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। দুই দিনের প্রশিক্ষণ শেষে আগামী বৃহস্পতিবার থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।