
পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরও নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পাঞ্চলে অসন্তোষ থামছে না। গ্রেড পরিবর্তন, দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি এবং ছুটির টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবারও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। কোথাও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হল, ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড। অন্যদিকে, শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এসব বিক্ষোভের ঘটনা ঘটে। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় ৩টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তাদের দাবি, জ্যেষ্ঠ ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নীত করতে হবে এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকেরাও গ্রেড পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নির্ধারিত মজুরি বাস্তবসম্মত নয় এবং তা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানান তিনি।
শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ইনার গার্মেন্টসের শ্রমিকরা বিসিক এলাকায় যাওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হলেও তা মোকাবিলা করা হয়েছে। বর্তমানে শ্রমিকরা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন এবং বিসিক শিল্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।